গান্ধী পরিবারকে নিয়ে কটাক্ষ, পুলিশের নজরে কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ও গান্ধী পরিবারকে নিয়ে করা পোস্টের জেরে এবার তার বিরুদ্ধে পুলিশে মামলা হয়েছে। অভিযোগ, পোস্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যুর ঘটনা নিয়ে উসকানিমূলক ইঙ্গিত দিয়েছেন কঙ্গনা।
ভারতের হিমাচল প্রদেশের শিমলায় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এ মামলা করা হয়। অভিযোগকারী অতুল শর্মার দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্টগুলো প্রকাশ করেন। সেখানে গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যুর পরিস্থিতি নিয়ে সন্দেহ তৈরি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ৩৫৩ ও ৩৫৬ ধারায় মামলা হয়েছে। এসব ধারার মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উসকে দেওয়া, জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন বক্তব্য এবং মানহানির অভিযোগ অন্তর্ভুক্ত। একটি পোস্টে সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে উল্লেখ করেন কঙ্গনা। সেখানে ইঙ্গিত করা হয়, তার আত্মীয়রা একের পর এক নিহত হয়েছেন, আর শেষ পর্যন্ত সরকারপ্রধান হওয়ার পথ তৈরি হয়েছে তার জন্য। পোস্টের শেষে লেখা ছিল, ‘কতই না সুবিধাজনক!’
অভিযোগে আরও বলা হয়েছে, সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তার স্ত্রী মানেকা গান্ধীকে পরিবারের বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল বলেও দাবি করেছিলেন কঙ্গনা। অতুল শর্মার অভিযোগ, এসব পোস্ট নিছক রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এগুলো জনমনে উত্তেজনা তৈরি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি পুলিশের মহাপরিচালকের কাছে ইমেইল করে মামলা ও সময়সীমাবদ্ধ সাইবার ফরেনসিক তদন্তের আবেদন জানিয়েছিলেন। শিমলার পুলিশ সুপার গৌরব সিং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
ভোরের আকাশ/জেআ