ইসরায়েলের হামলায় গাজায় একদিনে নিহত ৭২

ইসরাইলের বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাজায় ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান শুরু করে। দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই অভিযান চলাকালে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তবে তা বেশিদিন স্থায়ী হয়নি।
মার্চের ১৮ তারিখ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করে, যাতে এখন পর্যন্ত আরও ৩ হাজার ৮২২ জন নিহত এবং ১১ হাজারের বেশি আহত হয়েছেন। ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল বলেছে, তাদের উদ্ধারে অভিযান চালানো হবে।
জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে গাজায় নতুন দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। নেতানিয়াহু এই প্রস্তাবনায় সম্মতি দিয়েছেন, তবে হামাসের পক্ষ থেকে এখনো সাড়া আসেনি।
ভোরের আকাশ/এসএইচ