আত্মসমর্পণ করবে না ইরান
চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি মানবে না: খামেনি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে যেমন, তেমনি জোর করে চাপানো শান্তির বিরুদ্ধেও কঠোর অবস্থান নেবে ইরান। তার ভাষায়, ইরান কারও কাছে আত্মসমর্পণ করবে না।
বুধবার (১৮ জুন) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি এসব কথা বলেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে। এই ভাষণে ইরানের ইতিহাস ও জাতিগত মনোবল তুলে ধরে খামেনি বলেন, যারা ইরান ও ইরানিদের ইতিহাস জানে, তারা জানে এই জাতি কখনো হুমকির ভাষার কাছে মাথানত করে না। বরং এর জবাব দেয় দৃঢ়তায়।
তিনি আরও বলেন, আমেরিকানদের এটা ভালোভাবে জেনে রাখা উচিত যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য ভয়াবহ ও অপ্রতিরোধ্য পরিণতি ডেকে আনবে। এই বক্তব্য এমন সময় এলো, যখন একদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি সংঘাতের সম্ভাবনা ক্রমেই বাড়ছে, অন্যদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে তীব্র উদ্বেগে রয়েছে পশ্চিমা বিশ্ব।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়ে বিতর্ক তৈরি করেন। খামেনির এই বক্তব্য সেই প্রচ্ছন্ন হুমকির জবাব হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক।
খামেনির ভাষণে যে সুর ঝরেছে, তা যুদ্ধের আগুনে ঘি ঢালার মতো বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, যদি পরিস্থিতি আরও খারাপের দিকে গড়ায়, তবে এই হুঁশিয়ারি ভবিষ্যতের দিক নির্দেশ করতে পারে।
ভোরের আকাশ/এসএইচ