গাজায় ইসরায়েলের হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক নিহত

ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনের গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক চিকিৎসক মারওয়ান সুলতান নিহত হয়েছেন।
সুলতানের সঙ্গে তার পরিবারের আরো কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ডা. সুলতান ছিলেন একজন নিবেদিত চিকিৎসক, যিনি যুদ্ধের কঠিন সময়ে মানবিকতার প্রতীক হিসেবে কাজ করেছেন। তার মৃত্যু চিকিৎসা খাতের বিরুদ্ধে বর্বরোচিত অপরাধ বলেও উল্লেখ করে মন্ত্রণালয়।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা সিটিতে হামাসের একজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা করেছে। এ হামলায় নিরপরাধ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে কিনা, তা তারা পর্যালোচনা করছে বলে জানানো হয়েছে।
নিহত ডা. সুলতানের মেয়ে লুবনা আল-সুলতান বলেন, একটি এফ-১৬ যুদ্ধবিমান সরাসরি তার ঘরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। বাড়ির অন্য সব ঘর অক্ষত থাকলেও কেবল তার ঘরটিই সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি আরও বলেন, আমার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি শুধু যুদ্ধকালে রোগীদের পাশে দাঁড়াতেন।
ভোরের আকাশ/এসএইচ