সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
রোববার সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় অনুষ্ঠানটি স্থগিতের তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাংকটির আমানতকারী এবং চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের কিছু ব্যাংক কর্মকর্তার পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ঘেরাও কর্মসূচি ঘোষণার তথ্য পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ওই কর্মসূচির বিপক্ষে প্রচারণা চলছিল। এমন পরিস্থিতিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতা হিসেবে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের মধ্যে আলোচনা হয়।
আলোচনার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
যে পাঁচটি ব্যাংক একীভূত করে এই ব্যাংক গঠন করা হচ্ছে, সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
ভোরের আকাশ/নি. ব