মিরপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর-১০ হোপ মার্কেটের সামনের ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় অভিযানে সিটি কর্পোরেশনের পরিবহন, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও পরিদর্শন করেন প্রশাসক।
শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ডিএনসিসির অভিযান নিয়মিত চলবে। প্রয়োজনে নিজের জীবন দিয়েও হলেও নগরবাসীর চলাচলের পথ দখলমুক্ত করা হবে। অভিযানে হামলা ও অরাজকতার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, হামলার ঘটনায় ডিএনসিসি ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সাংবাদিকদের ওপর হামলার সঙ্গেও যারা জড়িত, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক বলেন, গত কয়েকদিন ধরে মিরপুরসহ উত্তর সিটির বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চলছে। জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করে সেখানে সুন্দর পরিবেশ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজে নগরবাসীর সহযোগিতা চান তিনি।
এ সময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এনএস