৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর তারেক রহমানের আগমন উপলক্ষে একটি স্ট্যাটাসে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর কনফার্ম করেছেন। আলহামদুলিল্লাহ।’
দলীয় সূত্রে আরও জানা গেছে, নির্বাচনপরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। সফরকালে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় থাকা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এ দুটি শিল্পপ্রতিষ্ঠান ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে কার্যকর উদ্যোগের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ভোরের আকাশ/এনএস