কারিগরি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে অবরোধ প্রত্যাহার করে সড়কের পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে।
এর আগে, ছয় দফা দাবিতে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে সাতরাস্তা হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ যাত্রীরা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন।
আন্দোলন করা এক শিক্ষার্থী বলেন, এর আগে ছয় দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল। সেগুলো সরকার মেনে নিলেও এখনো বাস্তবায়ন হয়নি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। এদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি করেছেন। সেগুলোর নিরসন করতে হবে।
এর আগে, মঙ্গলবার দুপুরেও সাতরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় আধঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।
ভোরের আকাশ/এসএইচ