ঢাকার জুরাইনে যুবককে গুলি করে হত্যা
রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন এক যুবক। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ধারণা। নিহতের নাম পাপ্পু শেখ (২৬)। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন মিষ্টির দোকান এলাকার আশরাফ মাস্টার স্কুলের পাশে এই হত্যাকাণ্ড ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর অঞ্চলের সহকারী কমিশনার মো. সরাফত উল্লাহ বলেন, গুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাপ্পুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ