স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন বিএডিসি চেয়ারম্যান

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের আরও অর্থবহ, দায়িত্বশীল ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির বিদায়ী চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। একই সঙ্গে নির্ধারিত কর্মপরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বদলিজনিত কারণে বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রাজধানীর কৃষি ভবনে বিএডিসির সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন উইং ও বিভাগের প্রধান, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে মো. আজিজুল ইসলাম বলেন, কৃষি ও কৃষি উৎপাদন ব্যবস্থার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত বিএডিসি দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মানসম্পন্ন বীজ, নন-ইউরিয়া সার ও সেচসুবিধার মতো কৃষি উপকরণ কার্যকরভাবে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি কৃষকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বিএডিসির কর্মপরিধি ও দায়িত্বের পরিসর ক্রমাগত বাড়ছে। অনুমোদিত জনবলের তুলনায় কম জনবল নিয়ে প্রতি অর্থবছরের নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা একটি বড় চ্যালেঞ্জ। তবে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।
আধুনিক ও স্মার্ট কৃষিব্যবস্থা গড়ে তুলতে সরকারের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে বিএডিসির ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, খাল পুনঃখনন, কৃষকের কাছে সময়মতো সার সরবরাহ, প্রথমবারের মতো পেঁয়াজবীজ উৎপাদন এবং পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে নেওয়া কার্যক্রমগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
এ সময় তিনি প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়নিষ্ঠা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নে আন্তরিকতা, পেশাদারত্ব ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
বিএডিসির উন্নয়ন ও কৃষি খাতে প্রতিষ্ঠানটির অবদান আরও এগিয়ে নিতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
ভোরের আকাশ/এনএস