বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আগামী ৯ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন করা হবে।
বুধবার (৮ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’
মন্ত্রী বলেন, দেশে বৃক্ষরোপণকে রাষ্ট্রীয় আন্দোলনে রূপ দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৯৭৯ সালে তাঁর উদ্যোগে প্রথম জাতীয় বননীতি প্রণয়ন করা হয়। পরে ১৯৯৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে জাতীয় বৃক্ষমেলার যাত্রা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর ও টেকসই বনায়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
তিনি জানান, ঢাকায় মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে, যেখানে ১২০টি স্টল থাকবে। পাশাপাশি সাতটি বিভাগীয় শহরে ১৫ দিন, ৫৬টি জেলা সদরে সাত দিন এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে।
মন্ত্রী আরও জানান, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি বিশেষ সেল কাজ করছে। জিআইএস, রিমোট সেন্সিং, ন্যাশনাল ট্রি ডাটাবেজ ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে বনায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিবেশ দূষণ রোধে সরকারের চলমান কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১ হাজার ৫২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩ কোটি ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে চার মাসে ৫৮১ একরের বেশি দখলকৃত বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে।
এ ছাড়া প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব বিষয়ক নির্দেশিকা-২০২৬’ এবং সীসা দূষণ নিয়ন্ত্রণে একটি জাতীয় কৌশল চূড়ান্ত করার কাজ চলছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ