ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের চারজনের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় চারজনেরই মৃত্যু হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সোমবার (১৫) পর্যন্ত ঢামেক হাসপাতালের এনআইসিইউতে ২ ছেলে নবজাতক ও বেসরকারি হাসপাতালে ২ মেয়ে নবজাতক মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই নবজাতকদের ফুফু ফারজানা আক্তার।
তিনি জানান, ৬ নবজাতকের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেলের এনআইসিএইচইতে আর বাকি ৩ জনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে। ঢাকা মেডিকেলে থাকা ১ ছেলে নবজাতক সন্ধ্যায় মারা গেছে।
তিনি আরও জানান, নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী প্রিয়া। প্রিয়ার গর্ভধারনের ২৭ সপ্তাহ চলছিল। এলাকাতেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন৷ সেখানে আল্ট্রাসানোগ্রাফির মাধ্যমে জানতে পারেন, এক দুটি নয়; পাঁচ সন্তান গর্ভে রয়েছে তার।
গত ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে প্রিয়া নিজের বড় বোন লিপির বাসায় আসেন। সেখান থেকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। সর্বশেষ গতরাতে ব্যাথা শুরু হলে দ্রুত ঢাকা মেডিকেলের এনে ভর্তি করা হয়। রোববার সকাল ৯টার দিকে ৫টি নয়, নরমালেভাবে ৬ সন্তান প্রসব করেন তিনি।
ভোরের আকাশ/এসএইচ