বিশ্ব ওজোন দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তরে আলোচনা সভা

ওজোনস্তর রক্ষার উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়ল শহরে বিশ্ব নেতৃবৃন্দ ‘মন্ট্রিয়ল প্রটোকল’ স্বাক্ষর করেন। দিবসটি স্মরণীয় করে রাখা ও ওজোনস্তর রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে বিশ্বব্যাপী বিশ্ব ওজোন দিবস পালিত হয়ে আসছে।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এ বছর বিশ্ব ওজোন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে—‘Global action for a cooler planet-Celebrating 10 years of sustainable cooling’।
এবারের প্রতিপাদ্যের ‘Celebrating 10 years of sustainable cooling’ অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গত এক দশকে টেকসই শীতলীকরণের ক্ষেত্রে বিশ্ব যে অগ্রগতি অর্জন করেছে, তা উদযাপনের পাশাপাশি ভবিষ্যতে আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
‘Global action for a cooler planet’ প্রতিপাদ্যের মূল বার্তা হলো—বিশ্বব্যাপী সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আরও শীতল, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
বিশ্ব ওজোন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি-বেসরকারি সংস্থা, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মহিউদ্দিন মানিক।
আলোচনা সভায় উপস্থিত অতিথিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ওজোনস্তর সুরক্ষায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত ও পরামর্শ দেন।
ভোরের আকাশ/জেআ