জাতীয় হৃদরোগ হাসপাতালে ছিনতাইকারী আটক করল আনসার সদস্যরা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় এক যুবককে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা।
গত ১৯ আগস্ট বুধবার বিকেলে হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম অনিক বসু রকি (২৬)।
জানা যায়, এক পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন রকি। বিষয়টি দেখতে পেয়ে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্য অনিক বসু দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করেন।
ছিনতাইয়ের ঘটনা ছড়িয়ে পড়লে সেখানে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি আটক যুবককে গণপিটুনি দেওয়ার চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পিসি আমিনুল হকের নেতৃত্বে আনসার সদস্য অনিক শেখ, হাসান, সুমন ও অনিক বসু দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। তারা উত্তেজিত জনতার কাছ থেকে ওই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
পরে ছিনতাইয়ের শিকার ব্যক্তি মামলা করতে অস্বীকৃতি জানান। তিনি আইনি জটিলতায় জড়াতে চাননি বলে সংশ্লিষ্টদের জানান।
এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক যুবকের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালেও নিরাপত্তা রক্ষায় তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝে মোবাইল ছিনতাইকারীকে আটক করা ও উত্তেজিত জনতার হাত থেকে তাকে নিরাপদে উদ্ধারের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ভূমিকা প্রশংসিত হয়েছে।
ভোরের আকাশ/জেআ