যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ ২ কারবারি গ্রেপ্তার

ঢাকার যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ লাখ টাকা মূল্যের জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
গ্রেফতারকৃতরা হলো, মো. রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে ৩৫ লাখ টাকা মূল্যের মোট ৩ হাজার ৯০২টি জালনোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকার বিভিন্ন স্থান থেকে জালনোট সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে এসব জালনোট আসল টাকা হিসেবে বাজারে চালিয়ে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা নিজেদের হেফাজতে রেখেছিল।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ ইউএম