আনসারের দায়িত্বশীলতায় বিমানবন্দরে হারানো আইফোন উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও দ্রুত তৎপরতায় হারিয়ে যাওয়া একটি মূল্যবান আইফোন ফিরে পেয়েছেন প্রকৃত মালিক।
রোববার (৪ অক্টোবর) ভোররাত আনুমানিক সোয়া ২টার দিকে বিমানবন্দরের ৪ নম্বর হেভি লাগেজ গেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য শ্রী মিঠুন কুমার। এ সময় তিনি স্ক্যানার বেল্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি আইফোন পড়ে থাকতে দেখেন।
বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত অ্যাভসেক সদস্য ও সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পিসি মো. দোলন মিয়াকে জানান। পরে ফোনটির প্রকৃত মালিককে শনাক্ত করতে শুরু হয় সম্মিলিতভাবে খোঁজাখুঁজি ও যাচাই-বাছাই।
একপর্যায়ে শাহা নুরুজ্জামান নামের এক যাত্রীকে ফোনটির প্রকৃত মালিক হিসেবে শনাক্ত করা হয়। পরে পিসি মো. আলমগীরের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও মালিকানা নিশ্চিত করে আইফোনটি শাহা নুরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া মূল্যবান ফোন ফিরে পেয়ে সংশ্লিষ্ট আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান শাহা নুরুজ্জামান। বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন উপস্থিত যাত্রীরাও।
ভোরের আকাশ/জেআ