জয়নাল আবেদীন চাঁনের হৃদযন্ত্রে সফলভাবে দুটি স্টেন্ট স্থাপন

বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের হৃদযন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) স্থাপন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে ক্যাথল্যাবে নেওয়া হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার হৃদযন্ত্রে দুটি স্টেন্ট স্থাপন করেন।
হাসপাতালের ইউনিট প্রধান অধ্যাপক ডা. এস এম ই আল বাকেরের তত্ত্বাবধানে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। চিকিৎসক দলের সদস্য হিসেবে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. সরওয়ার আহমদ ও ডা. রাজু।
এ বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. সরওয়ার আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জয়নাল আবেদীন চাঁনের হৃদযন্ত্রে সফলভাবে দুটি স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তবে শারীরিক সুস্থতার জন্য তাকে পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা নিয়ে গত সপ্তাহে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
ভোরের আকাশ/এনএস