ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ১৫ দিনের ১৫ কর্মসূচি

রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনব্যাপী ১৫টি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসব কর্মসূচির মাধ্যমে আগামী ১৫ বছরে একটি বাসযোগ্য ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কের আইসিসিবি গেট এলাকায় আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬-এর উদ্বোধন শেষে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এসব কথা বলেন।
ডিএনসিসির প্রশাসক বলেন, আগামী ১৫ বছরে একটি ক্লিন, গ্রিন ও আধুনিক ঢাকা গড়ে তুলতে কাজ করবে সিটি করপোরেশন।
নগরবাসীকে আধুনিক নাগরিক সুবিধা উপহার দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
প্রধানমন্ত্রীর অনুমোদনেই ১৫ দিনের ১৫টি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে ডিএনসিসির।
এরই মধ্যে ৮২ হাজার গাছ রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, খুব শিগগিরই ডিএনসিসি এলাকাকে চারটি জোনে ভাগ করে অটোরিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। এ ছাড়া ফুটপাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, হকারদের পুনর্বাসন এবং জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্স-সংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
যুবসমাজের জন্য খেলার মাঠ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য নগরীর খেলার মাঠগুলো রক্ষা ও ব্যবহারের উপযোগী রাখার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে নগর পরিচ্ছন্নতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পরিচ্ছন্নতাকর্মীদের ‘সিটি হিরো অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
একটি আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএনসিসির প্রশাসক।
ভোরের আকাশ/ইউএম