জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে জিসপের নতুন অধ্যায়ের সূচনা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গত ৩০ জুলাই ২০২৬ জিসপ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শাখার যাত্রা শুরু হয়। একই সঙ্গে সংগঠনটি স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন হিসেবে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
শ্রদ্ধা নিবেদন শেষে নবগঠিত কমিটির সভাপতি মো. আকুল হোসেন, মহাব্যবস্থাপক (পরিদর্শন ও তদন্ত), বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবং সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিক (আপেল), ব্যবস্থাপক (আইন ও সম্পত্তি), বিএসএফআইসি, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি দেশের চিনি শিল্পের উন্নয়নেও ভূমিকা রাখার প্রত্যয় জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন। তারা আশা প্রকাশ করেন, জিসপ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শাখা সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।
এ সময় তারা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. আনোয়ারুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রতনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা।
ভোরের আকাশ/জেআ