সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে বাংলাদেশ-থাইল্যান্ডের যৌথ উদ্যোগ

বাংলাদেশে ওয়েলনেস ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের GENESENN Group ও বাংলাদেশের Rejuva Wellness। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের সহযোগিতার রূপরেখা তুলে ধরার পাশাপাশি রাজধানীর আদাবর শাখায় উদ্বোধন করা হয়েছে ‘GENESENN Corner’।
বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ব্যাংককে আগে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে এ সহযোগিতা গড়ে উঠেছে। এর মাধ্যমে থাইল্যান্ডের বিশেষজ্ঞদের অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্থানীয় চাহিদা ও পেশাগত দক্ষতার সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা, পেশাগত জ্ঞান বিনিময় এবং দায়িত্বশীল স্বাস্থ্যচর্চার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে GENESENN Group-এর আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক ডা. এ. কে. এম. শাহরিয়ার ধাপে ধাপে সহযোগিতা এগিয়ে নেওয়ার পরিকল্পনা তুলে ধরেন। Rejuva Wellness-এর প্রতিষ্ঠাতা ডা. তৌহিদা রহমান ইরিন নারী, পরিবার ও কমিউনিটির জন্য সহজবোধ্য স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. বি. এ. সাদিক স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যচর্চার অভিন্ন মান উন্নয়নে এ অংশীদারত্বের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন GENESENN Group-এর প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ওহম সুধচুমফে (Dr. Ohm Sudchumphae)। তিনি প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা ও ব্যক্তিভিত্তিক স্বাস্থ্য পরিকল্পনায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অংশীদার প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ভবিষ্যৎ কার্যক্রম ধাপে ধাপে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়া হবে। কোনো চিকিৎসাসেবা চালুর আগে পৃথক পেশাগত পর্যালোচনা ও প্রযোজ্য অনুমোদন গ্রহণ করতে হবে।
ভোরের আকাশ/জেআ