ঈদযাত্রায় সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে জনস্রোত, বাড়তি ভাড়ার অভিযোগ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
বুধবার (২৭ মে) সকাল থেকেই সায়েদাবাদ বাস টার্মিনাল, জনপদ মোড়, যাত্রাবাড়ী অস্থায়ী টার্মিনাল ও ধোলাইরপাড় এলাকায় বাড়ি ফেরা মানুষের ঢল নামে।
ঈদের ছুটি শুরু হওয়ায় গ্রামে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। তবে অতিরিক্ত যাত্রীচাপ, বাসের সিডিউল বিপর্যয়, বৃষ্টি ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালীসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে বাড়ি ফিরলেও ঢাকা-মাওয়া সড়কের দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে ফরিদপুর, বরিশাল, শরীয়তপুর, মাগুরাসহ বিভিন্ন রুটের যাত্রীরা বাস সংকট ও বিলম্বের অভিযোগ করেন।
ফরিদপুরগামী যাত্রী জয়নাল জানান, দুপুর ২টায় বাস ছাড়ার কথা থাকলেও গোল্ডেন লাইন বাস এক ঘণ্টা দেরিতে আসে। একই ধরনের অভিযোগ করেছেন হানিফ, শ্যামলী, ইউনিক, সাকুরা, সৌদি ও সেন্টমার্টিন পরিবহনের যাত্রীরাও।
অন্যদিকে কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। বরিশালগামী যাত্রী মাহিন বলেন, সাধারণ সময়ে যেখানে ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা, সেখানে এখন ৭০০ থেকে ৮০০ টাকা নেওয়া হচ্ছে। নড়াইলগামী শাহিন জানান, ৪০০ টাকার ভাড়া এখন ৬০০ টাকা নেওয়া হচ্ছে। শরীয়তপুরগামী গার্মেন্টসকর্মী সবুজ বলেন, আগে যেখানে ৩০০ টাকা ভাড়া ছিল, এখন নেওয়া হচ্ছে ৭০০ টাকা।
মাগুরাগামী যাত্রী সাহানা অভিযোগ করে বলেন, গোল্ডেন লাইন বাসে তার কাছ থেকে ১ হাজার ১০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে, যা স্বাভাবিক সময়ের দ্বিগুণেরও বেশি।
যাত্রীরা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে বাড়তি ভাড়া আদায় না করার নির্দেশনা থাকলেও বাস্তবে তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না।
অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করে কয়েকজন পরিবহন শ্রমিক বলেন, যাওয়ার পথে যাত্রী পেলেও ফেরার পথে অনেক বাস খালি ফিরতে হয়। এজন্যই ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে।
এদিকে বৃষ্টির কারণে সায়েদাবাদ, ধোলাইরপাড় ও যাত্রাবাড়ী এলাকায় যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাশাপাশি প্রধান সড়কে তীব্র যানজটও সৃষ্টি হয়েছে।
ডিএমপির ওয়ারী বিভাগের ট্রাফিক উপপুলিশ কমিশনার মোহাম্মদ আজাদ রহমান জানান, টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ২৬ জনকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/এম