নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবা নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার সকালে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় ও ফুটপাত দখলমুক্তকরণে ডিএসসিসির বিভিন্ন বিভাগের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রশাসক বলেন, নগর ভবনে বসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতো বিশাল এলাকা কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে অঞ্চলভিত্তিক গণশুনানি চালু করা হয়েছে। সরাসরি এলাকায় গিয়ে নাগরিকদের সমস্যার কথা শোনা হয়েছে এবং তাঁদের পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, গত পাঁচ মাস ধরে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকদের সচেতন হতে এবং সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এখন মাঠপর্যায়ে কার্যক্রমের তদারকি জোরদার করার সময় এসেছে।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একদিন সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শন করা হবে। এসব পরিদর্শনে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়, সড়কবাতি ও প্রকৌশলসহ বিভিন্ন নাগরিক সেবার মান যাচাই করা হবে। কোনো বিভাগে দায়িত্ব পালনে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
নাগরিকদের দায়িত্বের বিষয়েও সতর্ক করেন তিনি। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা কিংবা পানি জমিয়ে এডিস মশার লার্ভা বিস্তারের পরিবেশ তৈরি করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। নাগরিকদের সচেতনতা ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতায় ঢাকা দক্ষিণ সিটিকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অভিযানকালে প্রশাসক বিভিন্ন ফুটপাত, স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় ট্রেড লাইসেন্স যাচাই করা হয়। ফুটপাতে অবৈধভাবে বসানো ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ ও বাজেয়াপ্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া ডিএসসিসির তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ‘এ হোসাইন বিল্ডার’-কে দণ্ডবিধির ২৬৯ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘রসুই’ রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা এবং ফুটপাতে অবৈধ পার্কিংয়ের জন্য ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির এ ধরনের সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/জেআ