নগর পরিচ্ছন্নতায় নতুন যুগ, ‘Clean Care’ চালু করল ডিএসসিসি

নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) চালু করেছে ‘Clean Care’ নামে ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সোমবার নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করেন।
নতুন এই অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন। অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বরও অ্যাপে লাইভ ট্র্যাক করা যাবে। এছাড়া অভিযোগের ভিত্তিতে নেওয়া পদক্ষেপে নাগরিকরা সন্তুষ্টি বা মতামতও জানাতে পারবেন।
সেবা গ্রহণের জন্য গুগল প্লে স্টোর থেকে ‘Clean Care’ অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বরের মাধ্যমে সাইন-ইন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, “আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর সেবার কোনো বিকল্প নেই। বিশ্বের উন্নত নগরীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডাটা অ্যানালিটিক্সভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা করছে। সেই বাস্তবতাকে সামনে রেখেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ‘Clean Care’ চালু করেছে।”
তিনি আরও বলেন, “এই প্ল্যাটফর্মের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে কোন এলাকায় কী ধরনের বর্জ্য বেশি উৎপন্ন হচ্ছে, কোথায় অতিরিক্ত জনবল বা যানবাহনের প্রয়োজন—তা নির্ধারণ করা সম্ভব হবে। ফলে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণ কার্যক্রম আরও সমন্বিত, কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী হবে।”
নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, “‘পরিচ্ছন্ন শহর, সচেতন জীবন’ বাস্তবায়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ‘Clean Care’ অ্যাপটি নাগরিক ও সিটি কর্পোরেশনের মধ্যে একটি কার্যকর ডিজিটাল সেতুবন্ধন হিসেবে কাজ করবে।”
ডিএসসিসি জানায়, এই ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপ আরও দক্ষতার সঙ্গে পর্যবেক্ষণ, সমন্বয় ও মূল্যায়ন করা সম্ভব হবে। একই সঙ্গে নাগরিক সেবার মান, স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে, যা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও স্মার্ট ঢাকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার।
ভোরের আকাশ/জেআ