কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসার গভীর নলকূপ উদ্বোধন

রাজধানীর কড়াইল জামাইবাজার এরশাদ মাঠ সংলগ্ন এলাকায় ঢাকা ওয়াসা কর্তৃক স্থাপিত একটি নতুন গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এলাকার বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানির সরবরাহ আরও সহজ ও নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব জনাব আব্দুর রহমান সানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জরুরি পানি সরবরাহ প্রকল্প ও পানি উৎপাদন ও উন্নয়ন সার্কেলের প্রকল্প পরিচালক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মজিদ, মডস সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফিরোজ আলম, মডস সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহ আলমসহ ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ওয়াসা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। কড়াইল এলাকার এই গভীর নলকূপ চালু হওয়ার ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন স্থাপিত এই গভীর নলকূপ থেকে প্রতি মিনিটে প্রায় ২ হাজার ৪০০ লিটার পানি উত্তোলন করা সম্ভব হবে। ফলে কড়াইল ও আশপাশের এলাকার হাজারো মানুষ সরাসরি উপকৃত হবেন।
স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন নলকূপ চালুর ফলে পানির সংকট অনেকটাই দূর হবে এবং তারা আরও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ পাবেন বলে আশা করছেন।
ভোরের আকাশ/এনএস