ডিএনসিসিতে ২৮ জুন থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী ২৮ জুন থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ শুরু হচ্ছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের পুষ্টি ও দৃষ্টিশক্তি সুরক্ষায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএনসিসির নগর ভবনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালায় জানানো হয়, ক্যাম্পেইনের দিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
ডিএনসিসি এলাকায় মোট ৫৪টি স্থায়ী এবং ১ হাজার ৮৫১টি অস্থায়ী কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন করে ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে মোট ৩ হাজার ৮১০ জন ভলান্টিয়ার মাঠ পর্যায়ে কাজ করবেন।
এছাড়া ১৮৩ জন প্রথম সারির সুপারভাইজার এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার পুরো কার্যক্রম তদারকি করবেন।
বস্তিবাসী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বাস টার্মিনাল ও ট্রেন স্টেশন এলাকায় থাকা শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ডিএনসিসির পক্ষ থেকে ৪টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মজীবী অভিভাবকদের কথা বিবেচনা করে ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে।
ডিএনসিসি জানিয়েছে, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব ও রোগ প্রতিরোধে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/এনএস