ই-জিপিতে স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার হয়: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব টেন্ডার কার্যক্রম ই-জিপি (e-GP) পদ্ধতিতে সরকারি নিয়ম মেনে পরিচালিত হয়। এ প্রক্রিয়ায় কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আজ রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে সামাজিক উন্নয়ন সংস্থা ফুটস্টেপস আয়োজিত ‘নগর বাগান’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি প্রকাশিত একটি গণমাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করে প্রশাসক বলেন, ই-জিপির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান ও কার্যাদেশ দেওয়া হয়। এ বিষয়ে প্রকাশিত খবরকে ভিত্তিহীন ও মিথ্যা উল্লেখ করে তিনি নিন্দা জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল সাংবাদিকতা ও সততা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, ঢাকা মহানগরীকে আধুনিক, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ডিএনসিসি ও ফুটস্টেপস যৌথভাবে কাজ করছে। ঢাকার পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নে ফুটস্টেপস দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা রাখছে।
তিনি জানান, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নগরজুড়ে সবুজায়নের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি। মগবাজারে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত স্থানে নান্দনিক নগর বাগান নির্মাণ সেই উদ্যোগের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডিএনসিসি ধারাবাহিকভাবে কাজ করছে। গুলশান লেক সংস্কার, দৃষ্টিনন্দন গ্রাফিতি অঙ্কন এবং বসিলা ৪০ ফুট খালের অবহেলিত অবস্থা পরিবর্তনের উদ্যোগ এরই অংশ। বসিলা খাল এলাকায় পথচারীদের বসার বেঞ্চ, ডাস্টবিন ও স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে। এ ছাড়া ৪৫ দিনের বিশেষ কর্মসূচির মাধ্যমে খালটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
নগরীর অবৈধ দখল উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসক বলেন, নাগরিকদের সুবিধা নিশ্চিত করা ও যানজট নিরসনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ডিএনসিসির অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।
তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে দখলে থাকা মিরপুর ১০ নম্বর এলাকার ফুটপাত উদ্ধার করা হয়েছে, যা নগরবাসীর জন্য স্বস্তির বিষয়। জনগণের করের টাকায় নির্মিত ফুটপাত নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ