বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা

বায়ুদূষণের মাত্রা বেড়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। বাতাসের মান সূচকে (একিউআই) ২৩৯ স্কোর নিয়ে রাজধানীর বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর হলো ২৩৯, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এই মেগাসিটি।
একই সময়ে দূষিত শহরের তালিকার প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর (৩৬২)। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা যার স্কোর ২২৬। এছাড়া ২২৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
২১৬ ও ১৮১ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল ও পাকিস্তানের করাচি। সংবেদনশীল গোষ্ঠীর জন্য যা অস্বাস্থ্যকর।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ৯৯ থেকে ১৭০-এর মধ্যে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআর স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআর স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ভোরের আকাশ/জেআ