জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর আফতাবনগরে ইস্টার্ন হাউজিংয়ের জহুরুল ইসলাম সিটির সাইট অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলাম গ্রুপের কর্মকর্তা, সোসাইটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ইস্টার্ন হাউজিংয়ের পরিচালক ও সাইট ইনচার্জ অবসরপ্রাপ্ত মেজর মো. আলতামাস করিম আলহাজ্ব জহুরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন। পরে মাওলানা মোস্তাফিজ দোয়া মাহফিল পরিচালনা করেন।
আলহাজ্ব জহুরুল ইসলাম বাংলাদেশের আবাসন ও রিয়েল এস্টেট খাতের অন্যতম পথিকৃৎ। দেশে পরিকল্পিত আবাসনব্যবস্থা গড়ে তোলা ও ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে আবাসন সংকট মোকাবিলার উদ্যোগে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৬৪ সালে তিনি ইস্টার্ন হাউজিং প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশের প্রথম রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে পরিচিত। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিডিসিও অন্যতম।
বিডিসি দেশের পাশাপাশি বিদেশেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে কাজ করেছে। ঢাকায় ইস্টার্ন হাউজিংয়ের মোট ২৯টি প্রকল্প রয়েছে, যার কয়েকটি এখনো চলমান। রাজধানীতে আধুনিক ও পরিকল্পিত আবাসন সুবিধা গড়ে তোলার লক্ষ্যে তিনি বিভিন্ন আবাসন প্রকল্পের উদ্যোগ নেন।
দেশে তাঁর প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য নির্মাণকাজের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের আঙিনা, বাংলাদেশ ব্যাংক ভবন, হাইকোর্ট ভবন, সুপ্রিম কোর্ট ভবন, এমপি হোস্টেল, নগর ভবনসহ বিভিন্ন সড়ক ও মহাসড়ক। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরাকেও তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে আবাসন নির্মাণের কাজ পরিচালিত হয়েছে।
জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত ও জান্নাতে উচ্চ মর্যাদা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িসহ আরও কয়েকটি স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ