বাউফলে আগুনে পুড়ল বিয়ের স্বপ্ন, ১২ বছরের সঞ্চয় হারিয়ে নিঃস্ব মোশাররফ

পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু, হাঁস-মুরগি, আসবাবপত্রসহ বোন ও নিজের বিয়ের জন্য দীর্ঘ ১০ থেকে ১২ বছরে জমানো প্রায় সাত লাখ টাকা হারিয়েছেন মোশাররফ হোসেন (৩০)। আগুনে তাঁর দুটি গরু ও ছয়টি ছাগলসহ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছে পরিবারটি।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাংলালিংক টাওয়ার-সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন জানান, কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। একসময় অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। পরে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় সেটি বিক্রি করে দেন। এরপর গবাদিপশু পালন করে অর্জিত অর্থ থেকে অল্প অল্প করে সঞ্চয় গড়ে তোলেন।
মোশাররফ বলেন, “আমার বয়স যখন এক বছর, তখন বাবা মারা যান। এরপর মা ও বোনকে নিয়ে আমাদের সংসার চলেছে অনেক কষ্টে। গত ১০ থেকে ১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলাম। টাকাগুলো নিজের ও বোনের বিয়ের জন্য রেখেছিলাম। ব্যাংকে না রেখে ঘরেই সংরক্ষণ করেছিলাম। কিন্তু আগুনে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি গরু, ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। দীর্ঘদিনের শ্রমে গড়ে তোলা সঞ্চয় ও সম্পদ হারিয়ে এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে কীভাবে ঘুরে দাঁড়াবেন, তা ভেবে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।
বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার ছাব্বির আহমেদ জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। সেখানে পৌঁছে আগুনের তীব্রতা বেশি দেখা যায়। পরে পানি ছিটিয়ে আগুন নেভানোর কার্যক্রম চালানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ ছিলেন না। আগুনে গবাদিপশু, হাঁস-মুরগি ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ভোরের আকাশ/সু.পা