হামের টিকাদান কর্মসূচিতে দেশসেরা ডিএনসিসি: প্রশাসক

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের টিকাদান কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের মিলনায়তনে ইউনিসেফ আয়োজিত রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, হামের টিকাদান কর্মসূচিতে দেশব্যাপী সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে ঢাকা উত্তর সিটি এলাকায় কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশ গঠনের কাজে সহযোগিতা করা হচ্ছে ও ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, হামের টিকার মাধ্যমে যেভাবে শিশুদের সুরক্ষা দেওয়া হয়েছে, একইভাবে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী টিকার মাধ্যমে নারী সমাজকেও সুরক্ষার আওতায় আনা হবে।
তিনি ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় পাশে রয়েছে বলেও জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, শহরের কোথাও বর্জ্য জমে থাকতে দেখলে নগরবাসী ডিএনসিসিকে জানালে কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তা অপসারণের ব্যবস্থা করা হবে। নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও তিনি জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ