কদমতলীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি সুইচ গিয়ার চাকু ও একটি খেলনা সদৃশ পিস্তলসহ চার অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—মো. স্বপন (৩৭), মো. মনির (৩১), জাহিদুল ইসলাম সিয়াম (২২) ও মো. আরিফ হোসেন (২৯)।
র্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান , শুক্রবার (১৪ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি দল কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালায়। এ সময় নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি সুইচ গিয়ার চাকু ও একটি খেলনা সদৃশ পিস্তল উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা ও মাদকসহ ৪টি মামলা রয়েছে। র্যাব-১০ আরও জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/সু.পা