প্রধানমন্ত্রীর ভারত-জাপান সফর সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে সরকার ইতিবাচক। তবে সফরের সময় নির্ধারণের বিষয়টি প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী অংশ নেবেন, নাকি দ্বিপক্ষীয় সফরে যাবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো যথেষ্ট সময় রয়েছে।
তিনি বলেন, ব্রিকস সম্মেলন এখনো বেশ দূরে। এক মাসের মধ্যে পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী নতুন সাংবিধানিক কার্যক্রমসহ দেশের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন।
দেশের অভ্যন্তরীণ ব্যস্ততার বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামনে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। জাতীয় সংসদের অধিবেশনও বসতে যাচ্ছে। পাশাপাশি দেশের ভেতরে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম চলমান রয়েছে এবং বেশ কিছু সাংবিধানিক বিষয় সামনে রয়েছে। এসব কারণে সরকার ও প্রধানমন্ত্রী উভয়েই ব্যস্ত সময় পার করছেন।
শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ভারত ও জাপান সফরসহ অন্যান্য দেশেও প্রধানমন্ত্রী সফর করবেন।
জাপান সফরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সফরের তারিখ ও সময় এখনো নির্ধারণ করা হয়নি। দুই দেশের জন্য পারস্পরিকভাবে সুবিধাজনক সময়ে সফরের দিনক্ষণ ঠিক করা হবে।
ভারত সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিদ্যমান অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি আলোচনা হলে বিভিন্ন অমীমাংসিত বিষয় সমাধানের সুযোগ তৈরি হতে পারে।
তিনি বলেন, দুই দেশের নেতারা যখন সরাসরি কথা বলেন এবং দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হয়। সেই সুযোগ অবশ্যই রয়েছে এবং তা এখনো উন্মুক্ত।
এদিকে ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন শামা ওবায়েদ। তিনি বলেন, এ বিষয়ে ঢাকা আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি ভারতের মাটিতে বসে বক্তব্য দিলে বাংলাদেশের মানুষ সেটিকে গ্রহণ করে না এবং ইতিবাচকভাবে দেখে না।
ভোরের আকাশ/সু.পা