আনসারের সাহসী ভূমিকায় রক্ষা পেল লাইনচ্যুত ট্রেনের মালামাল

রাজধানীর কমলাপুরে লাইনচ্যুত ‘নারায়ণগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সরকারি মালামাল লুটের চেষ্টা রুখে দিয়েছে আনসার সদস্যরা। তাদের তৎপরতায় রাষ্ট্রীয় সম্পদ লুটের হাত থেকে রক্ষা পেয়েছে।
রাত ১২টা ১০ মিনিটের দিকে কমলাপুর নিরাপত্তা চৌকির অদূরে ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। একপর্যায়ে একদল দুষ্কৃতকারী ট্রেনের মালামাল লুটের চেষ্টা চালায় বলে জানা গেছে।
এ সময় ঢাকা মহানগর আনসার পূর্ব জোনের টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মতিঝিল থানার কমলাপুর রেলওয়ে নিরাপত্তা চৌকির পিসি মো. আব্দুল হান্নানের নেতৃত্বে আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লুটের চেষ্টা প্রতিহত করেন।
আনসার সদস্যদের তৎপরতায় ট্রেনের মালামাল ও অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ নিরাপদে রাখা সম্ভব হয়। পাশাপাশি তারা ঘটনাস্থলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
ট্রেন লাইনচ্যুত হওয়ার পর সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করায় আনসার সদস্যদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
কর্তৃপক্ষের ভাষ্য, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতা ও তৎপরতার এটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
ভোরের আকাশ/জেআ