রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর ধানমন্ডির কাঠালবাগান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ১০তলা আবাসিক ভবন কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ বিস্ফোরণ ঘটে।
পরে দগ্ধদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধরা হলেন ১৮ মাস বয়সী আর এস রহমান, সাবা (৩০), আবদুর রহমান (২৯), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন দগ্ধ রোগী ইনস্টিটিউটে এসেছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে সাবার শরীরের ১০০% পুড়ে গেছে। আর দেড় বছর বয়সী শিশুটির শরীরের ৫৭% পুড়ে গেছে। এছাড়া আবদুর রহমানের শরীরের ৬%, সানজিদার ৩৭% ও সামসুন নাহারের ৪০% পুড়ে গেছে। তাদের তিনজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আবদুর রহমানের ভাই ইমরান ও প্রতিবেশী সুমন জানান, সকালে কাঞ্চন টাওয়ারের ওই বাসায় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৮টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোরের আকাশ/এনএস