রাজধানীর বাজারে সবজি ও ডিমের দাম বেড়েছে, কমেছে মাছের

সরবরাহ বাড়ায় ইলিশসহ মাছের দাম কমেছে রাজধানীর বাজারে। আর মুরগীর দাম স্বাভাবিক থাকলেও চড়া ডিমের বাজার। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও সেই তুলনায় বিক্রি বেশ কম। প্রায় সব সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। দাম কমেছে পেঁপে ও কাঁচা মরিচের। ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে প্রায় সব সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
বিক্রেতাদের ভাষ্য, নতুন কিছু সবজি বাজারে আসতে শুরু করায় দামে কিছুটা ওঠানামা করছে। তবে পেঁপে ও কাঁচা মরিচের দাম কমেছে।
কাঁচাবাজারে আসা ক্রেতাদের কেউ কেউ বলছেন, কয়েকটি সবজির দাম গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে সীমিত আয়ের মানুষের সংসার চালাতে চাপ বাড়ছে। অনেকে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন।
কমেছে মাছের দাম
সবজির বাজারের বিপরীতে রাজধানীর বাজারে মাছের দাম কিছুটা কমেছে। চাষের চিংড়ির দাম কেজিতে প্রায় ১০০ টাকা কমেছে। রুই মাছ কেজিতে ৫০ টাকা কমে ৪৫০ থেকে ৫০০ টাকা এবং শিং মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ইলিশের দামও আগের তুলনায় কমেছে। আকারভেদে রাজধানীর বাজারে ইলিশ ৫৫০ টাকা থেকে ১ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ বেড়েছে। এর প্রভাব পড়েছে দামে। গত সপ্তাহের তুলনায় রুই ও শিং মাছের দামও কমেছে।
ডিমের দামও বেড়েছে
মুরগির দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও ডিমের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ডজনপ্রতি ৫ টাকা বেড়ে লাল ডিম ১৪৫ টাকা এবং সাদা ডিম ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া গত সপ্তাহের তুলনায় ময়দার দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ময়দা বিক্রি হচ্ছে ৮২ টাকা দরে।
ভোরের আকাশ/এসএইচ