বিএনপির সংগ্রাম এখনো শেষ হয়নি: আবদুস সালাম

বিএনপির রাজনৈতিক সংগ্রাম এখনো শেষ হয়নি। বরং সংগ্রামের একটি পর্যায় শেষ করে দলটি নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, বিএনপি সরকার গঠনের এক মাস না পেরোতেই সরকারকে অস্থিতিশীল করা ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর মতিঝিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম ও প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, বিএনপির সংগ্রামের একটি ধাপ শেষ হয়ে আরেকটি ধাপ শুরু হয়েছে। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্টের যে চেষ্টা চলছে, তা মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। দলীয় আদর্শ ও সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে বিএনপিকেই এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, দেশে বিভিন্ন সংকট ও দুর্যোগের সময় বিএনপি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। তবে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার পর একটি কুচক্রী মহল তা বাধাগ্রস্ত করেছে। তাঁর দাবি, একই মহল আবারও ষড়যন্ত্রে সক্রিয় হয়েছে। এ পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ঢাকা শহরের আগামী নির্বাচন বিএনপির জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা উল্লেখ করে আবদুস সালাম বলেন, এই পরীক্ষায় সফল হতে হলে নেতা-কর্মীদের এখন থেকেই মাঠে সক্রিয় হতে হবে। নিজ নিজ এলাকার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
তিনি ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। কোথায় রাস্তা, নাগরিক সেবা বা অন্য কোনো সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরার পরামর্শ দেন তিনি। বিশেষ করে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিজ নিজ এলাকায় সক্রিয় থাকার আহ্বান জানান।
নেতা-কর্মীদের সরাসরি জনগণের কথা শুনে তাদের সমস্যাগুলো তাঁর কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, এসব সমস্যা তাঁর কাছে পৌঁছালে তা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যেকোনো সময় নেতা-কর্মীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
ঢাকা মহানগরের রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য শনিবার নগর ভবন খোলা থাকবে জানিয়ে তিনি বলেন, অভিযোগ, সমস্যা ও পরামর্শ নিয়ে নেতা-কর্মীরা সেখানে আসতে পারবেন।
বক্তব্যের শেষ দিকে নেতা-কর্মীদের আরও ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান আবদুস সালাম। মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করে সামনে এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
ভোরের আকাশ/জেআ