আবারও এভারকেয়ারে গেলেন জুবাইদা রহমান

চিকিৎসাধীন শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন জুবাইদা রহমান।
শনিবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে তিনি সেখানে গিয়ে শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন। দুই ঘণ্টার বেশি হাসপাতালে থেকে আবার ধানমন্ডিতে বাবার বাড়িতে যান তিনি। রাতে সেখানেই থাকবেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, আজ শনিবার বিকেল সাড়ে ৩টার পর তিনি হাসপাতালে পৌঁছান। গতকাল শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় ফিরেই শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে কয়েক ঘণ্টা অবস্থানের পর ধানমন্ডিতে মায়ের বাসায় যান এবং রাতে আবার হাসপাতালে এসে গভীর রাত পর্যন্ত অবস্থান করেন।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়িকে দেখতে যান তিনি। সেখানে বিএনপির চেয়ারপারসনের পাশে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর ধানমন্ডিতে মায়ের বাসায় যান জোবাইদা রহমান। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার সকালেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি জটিলতায় যাত্রা পিছিয়ে গেছে।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সদস্য।
ভোরের আকাশ/এসএইচ