সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এ ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে গেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। তাদের আগমন উপলক্ষে বিমানবন্দরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ঘটনার সময় বিএনপির নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিং করছিলেন। সে সময় পাশে অবস্থানরত এনসিপি নেতাকর্মীরা জোরে স্লোগান দিতে থাকেন। এতে সাংবাদিকদের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে ওঠে। এক সাংবাদিক বিষয়টি থামানোর অনুরোধ করলে এনসিপির কিছু নেতাকর্মী উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন এবং শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করেন। সাংবাদিকদের উপর এমন আচরণের প্রতিবাদে উপস্থিত সব গণমাধ্যমকর্মী সংবাদ সম্মেলন বয়কট করে ঘটনাস্থল ত্যাগ করেন।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরে অংশ নিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
ভোরের আকাশ/এসএইচ