লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
বুধবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। ওই বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির জানান, আলোচনা ছিলো সৌজন্যমূলক। দেশের বর্তমান পরিস্থিতি, তারেক রহমানের ভাবনা, উনি যদি নির্বাচিত হন তাহলে দেশ নিয়ে পরিকল্পনা- এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ব্যক্তিগতভাবে তারেক রহমানের সঙ্গে পরিচিত হতে এসেছিলো বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, তারেক রহমান ১৫ বছর কীভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, হাসিনাকে বিতাড়িত করার জন্য কীভাবে নেতৃত্ব দিয়ে এসেছেন সেই গল্প শুনেছেন রাষ্ট্রদূত।
জাতীয় নির্বাচন সামনে রেখে এবছরেই মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেটা তো ঘোষণা হয়েই গেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নভেম্বর ডিসেম্বরে তফসিল হবে। তাহলে তো তিনি এই বছরই ফিরবেন।
এর আগে, গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/এসএইচ