হাদি হত্যার বিচারের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ শীর্ষক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
বিক্ষোভ কর্মসূচির শুরুতে স্লোগান দিতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা স্লোগানে বলেন, ‘আমি কে তুমি কে, হাদি, হাদি,’ ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকনা এই বাংলায় হবে না,’ ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’।
এছাড়া একই সময়ে জুমার নামাজ শেষে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বায়তুল মোকাররম এলাকায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে।
হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ। ওই বিক্ষোভ থেকেই আজ জুমার পর সব মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়া হয়।
ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহিদ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ