জুমার পরে শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত: নাহিদ ইসলাম

সার্বিক পরিস্থিতি বিবেচনায় জুমার নামাজের পর রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে এতে অংশগ্রহণের অনুরোধ করছি।
কর্মসূচি পরিবর্তনের কারণ হিসেবে নিরাপত্তাশঙ্কাক ও নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। তিনি দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে লেখেন, জুলাইবিরোধী শক্তিগুলোর গতকালের মতো আজকেও ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ যাতে ভাঙচুর বা অগ্নিসংযোগ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
প্রসঙ্গত, ওসমান হাদির মৃত্যুর খবরে রাতভর সারাদেশের বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ মিছিল। চট্টগ্রামে পুড়িয়ে দেওয়া হয়েছে সাবেক দুই মন্ত্রীর বাড়ি। রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের অফিস। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে ক্ষোভের অনল। এছাড়াও রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ