জনসভা মঞ্চে তারেক রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
গতকাল ভোর থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদরাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। ‘ধানের শীষ’ আর ‘তারেক রহমান’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের এই মঞ্চ থেকেই জনগণের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এ ছাড়া আসন্ন নির্বাচন ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে প্রত্যাশা করছেন দলীয় জ্যেষ্ঠ নেতারা। সকাল পৌনে ১১টায় জনসভা শুরু হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা সাড়ে ১২টার দিকে মঞ্চে উঠবেন বলে আশা করা হচ্ছে। এ জনসভার মধ্যদিয়ে দেশজুড়ে বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে। তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে সিলেট নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল রাত আটটার দিকে নির্বাচনি প্রচারণা শুরুর জন্য আকাশপথে সিলেটে পৌঁছেন তারেক রহমান। সিলেটে নেমেই প্রথমে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি তিনি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। পরে তিনি নগরের উপকণ্ঠে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে উপস্থিত নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেন। এর আগে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শ্বশুরবাড়িতে কিছু সময় অবস্থান করে তারেক রহমান সিলেট বিমানবন্দর–সংলগ্ন হোটেলে ফেরেন।
ভোরের আকাশ/এসএইচ