মানুষ নেই, এআই দিয়ে লকডাউন করছে আওয়ামী লীগ: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে কোনো মানুষ নেই। তারা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে কিছু ছবি বানিয়ে লকডাউন পালন করছে। কয়েকজন নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল তরুণকে টাকার বিনিময়ে ভোররাতে গোপনে প্রধান সড়কে নিয়ে গিয়ে একটি ঝটিকা মিছিল ও বাসে আগুন দিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে তারা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার চরশাহী ইউনিয়নে কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
এ্যানি চৌধুরী বলেন, ৪৭ সালের আওয়ামী লীগ, তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে হবে কেন? উনি প্রধানমন্ত্রী ছিলেন। নিজের ভোটে নিজে প্রধানমন্ত্রী ছিলেন। রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারিত্বের প্রধানমন্ত্রী, তাহলে পালিয়ে যেতে হবে কেন? রাজনীতি করেননি, রাজনীতি করতেও দেননি। আমাদেরকেও রাজনীতি করতে দেননি। যার কারণে আমরা বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিরুদ্ধে ও শেখ হাসিনার বিরুদ্ধে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছিলেন যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে ফেলে দিতে, এখন তো তিনি নাই। তিনি পালিয়ে যাবার আগে তার আত্মীয়-স্বজন সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন তিনি পালান না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। কিন্তু এ জেনারেশন পালায়নি। এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। হাসিনার আমলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে। অনেক পরিবার গুম-খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন করেছে। এদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী।
নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ