ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান।
তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ট্রাভেল পাসের জন্য তারেক রহমান হাইকমিশনে আবেদন করেছিলেন।
জানা গেছে, রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত থাকায় মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি তারেক রহমান। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে এ কারণেই বাংলাদেশি হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়েই আসতে হবে।
অন্যদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের পক্ষে রেল মন্ত্রণালয়কে চিঠি পাঠান সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
ভোরের আকাশ/এসএইচ