টেলিভিশন টকশো ছাড়লেন গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এখন থেকে তিনি আর কোনো টিভি টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো, ইনশাআল্লাহ।”
তবে পোস্টে সিদ্ধান্তের পেছনের কারণ উল্লেখ না করলেও পরে এ বিষয়ে ব্যাখ্যা দেন গোলাম মাওলা রনি।
তিনি জানান, গত পাঁচ থেকে সাত বছর ধরে নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিচ্ছেন। অধিকাংশ অনুষ্ঠান শেষ করে গভীর রাতে বাসায় ফিরতে হয়, যা দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
রনি বলেন, চিকিৎসকরাও তাকে এখন আর নিয়মিত রাত জেগে টকশো করার পরামর্শ দিচ্ছেন না। বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
তিনি আরও জানান, টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ালেও জনসমসাময়িক বিষয় নিয়ে নিজের মতামত ও বিশ্লেষণ প্রকাশ অব্যাহত থাকবে। ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত বিভিন্ন বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
ভোরের আকাশ/জেআ