৫ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিলো জামায়াতসহ ৮ রাজনৈতিক দল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের শীর্ষনেতারা।
বৃৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।
আদিলুর রহমান খান বলেন, সরকার রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় বেঁধে দিয়ে অপেক্ষা করছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে সরকার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে।
যুগপৎ আন্দোলনে থাকা আট দলের আন্দোলনের মূল লক্ষ্য হলো পাঁচটি দাবি আদায় করা। দাবিগুলো হলো-
১) নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি।
২) অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ করা।
৩) নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪) ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।
৫) রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।
এর আগে দুপুর পৌনে একটায় জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পৌঁছান যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দলের প্রতিনিধিদলের নেতারা।
প্রতিনিধিদলে রয়েছেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সেক্রেটারি মুহা. নিজামুল হকসহ অন্য দলের শীর্ষ নেতারা।
তবে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে রওনা দেয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মৎস্য ভবনের সামনে আসতেই পুলিশের বাধার মুখে পড়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এসএইচ