হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আপ নেতা রাফে সালমান রিফাত।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে রিফাত জানান, হাদী ভাইয়ের অপারেশন সম্পন্ন হয়েছে। অবস্থা স্টেবল হলে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন ভাই। সবাই দোয়া করুন খাস করে।
এর আগে হাদিকে লাইফ সাপোর্টে রাখার পাশাপাশি মাথার ভেতরেই বুলেটটি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, হাদির অবস্থা ক্রিটিকাল।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কে বা কারা গুলি ছুঁড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলির আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
হাদিকে গুলির ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ