‘ক্ষমতায় গেলে শুক্রবার-শনিবার ছুটি ঘোষণা করবে এনসিপি’

এনসিপি ক্ষমতায় গেলে বেসরকারিখাতেও সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করা হবে বলে জানালেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বড় দলগুলোর কাছে ছোট দলগুলোর মাথা নত করা উচিত না। নিজেদের মেরুদণ্ড সমুন্নত করতে হবে। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি ও ধর্মের রাজনীতি আর চলবে না। ভাঙা দিয়ে শুরু করেছি, এখন গড়ার সময়।
তিনি বলেন, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করবে। বিগত দিনে পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন চাকরি পাওয়ার মূল যোগ্যতা ছিল বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন।
ব্যবসায়ীদের মিডিয়ার মালিকানার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সাংবাদিকরা যা বেতন পান তাতে তাদের পকেট খরচের টাকা ওঠে না। বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ী মাফিয়া হয়ে উঠেছে।
ভারতকে হুঁশিয়ার করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচনে ডিসটার্ব করতে আসবেন না। অনেক ব্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।
ভোরের আকাশ/এসএইচ