লন্ডনে লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুক্রবার লন্ডনে সাধারণ যাত্রীদের মতো লোকাল বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকালে দেখা যায়, লন্ডনের শহরের উত্তরে এক নিরিবিলি বাসস্টপে অপেক্ষমাণ একজন মধ্যবয়সী তারেক রহমান। হাতে মোবাইল, পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট, আর পায়ে সাধারণ একজোড়া স্নিকার্স। তিনি বসে আছেন জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে। কিছুক্ষণ পরেই এসে থামে একটি লাল ডাবল-ডেকার বাস। মানুষজনের সঙ্গে সঙ্গে তিনি ওঠে পড়েন সেই বাসে কোনো নিরাপত্তা রক্ষী, ঝলমলে প্রটোকল বা গাড়ির বহর নেই।
জানা গেছে, ছবিগুলোর মধ্যে নিউ ভিক্টোরিয়া হসপিটাল বাসস্টপেজ থেকে তোলা একটি ছবিতে দেখা যায় তিনি সাধারণ যাত্রীর মতো লোকাল বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন, সময় কাটাচ্ছেন নিজের মোবাইল ফোনে কিছু একটা পড়ে। পেছনে স্পষ্ট লেখা রয়েছে বাসের গন্তব্য: কিংস্টন। ছড়িয়ে পাড় ছবিগুলোর মধ্যে আরেকটি ছবিতে দেখা যায় তারেক রহমান বাসে উঠছেন, আরেকটিতে দেখা যায় তিনি বাস থেকে নামছেন।
এই ছবিগুলোর কমেন্টে দেখা যায়, অনেকেই দেখছেন এক ধরনের ‘অ্যান্টি-ভিআইপি’ রাজনীতির বার্তা হিসেবে। যেখানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নেতাদের জন্য আলাদা গেট, নিরাপত্তা বলয় ও বিলাসবহুল বাহনই নিয়ম সেখানে একজন শীর্ষস্থানীয় নেতা সাধারণ বাসে যাতায়াত করছেন, তা নিঃসন্দেহে এক ভিন্ন বার্তা বহন করে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও ছবিগুলো দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ