বর্তমান সরকার এখন আর নিরপেক্ষ নয় : ডা. আব্দুল্লাহ তাহের

বর্তমান অন্তর্বর্তী সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় মন্তব্য করে জামায়াতে ইসলীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন একটি ফাঁদ। প্রধান উপদেষ্টার ভাষণে একটি দলের প্রতি আনুগত্য স্পষ্ট।
তিনি বলেন, আমরা দেখছি- এই সরকার আসার পর থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যাপারে মনোযোগী নয়। বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তরের চেষ্টা চলছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার ভাষণের ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দল। এ সময় বর্তমান সরকার ও আসন্ন জাতীয় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে ৮ দলের নেতারা অনাস্থা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মত সেখানেও একটি দল হারবে বলেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করা হয়েছে।
এ সময় গণভোট ও জাতীয় নির্বাচনের আলাদা আলাদা তারিখ ঘোষণা ও তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি জানানো হয়। এ ছাড়া নির্বাচন নিরপেক্ষ করতে প্রশাসনে নিরপেক্ষ লোক নিয়োগ করারও আহ্বান জানানো হয়।
জামায়াতে ইসলামীর এই নায়েবে আমীর বলেছেন, যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি এক দিকে চলতে থাকে তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যদি আর একটি নির্বাচন সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণমূলক না হয় তাহলে দেশের জন্য আরও বেশি বিপর্যয় ভবিষ্যতে অপেক্ষা করবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
গণভোট এবং জাতীয় নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ তাহের বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই- প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন; একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন। আমরা আশা করি- সেটা পরিবর্তন করে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন।
সরকারের তিন উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, কমপক্ষে তিনজন উপদেষ্টা আছেন- যারা উনাকে (প্রধান উপদেষ্টা) মিস-গাইড করতেছেন; আমরা তাদের অপসারণ দাবি করছি। আপনারা আমাদের প্রশ্ন করবেন যে- তাদের নাম বলেন। আমরা আজকেও নাম বলতে চাই না। তবে প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম প্রেরণ করবো।
তিনি আরও বলেন, যদি তার পরও কোনো পরিবর্তন না আসে তাহলে আমরা প্রকাশ্যে এই নাম জানিয়ে দেবো কিনা সে ব্যাপারেও বিবেচনা করবো। মূলত জাতির সামনে তাদের প্রশ্নবিদ্ধ না করতে প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম পেশ করবো।
ভোরের আকাশ/মো.আ.